ছবি: আপন দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে-স্কেল বাস্তবায়ন করা। সব এ দাবির অবসান ঘটিয়ে এবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিব কমিটির বৈঠকে নতুন এ বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা ও কৌশলগত ৫টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সচিব কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হলো-
১) সরকার আগামী ১ জুলাই থেকে নতুন এ পে-স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে। ফলে আইনি জটিলতা ও প্রশাসনিক প্রস্তুতির কারণে কর্মচারীদের হাতে বর্ধিত বেতন পৌঁছাতে ২-৩ মাস সময় লাগলেও ১ জুলাই থেকেই তা কার্যকর গণ্য হবে। পরবর্তী সময়ে বকেয়া বা অ্যারিয়ার্স হিসেবে সে অর্থ প্রদান করা হবে।
২) প্রাথমিক পরিকল্পনায় ৩ ধাপে বাস্তবায়নের কথা থাকলেও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে ২ ধাপে পুরো পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩) আর্থিক চাপ বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাপেই ৬০ শতাংশ সুবিধা প্রদানের ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সঙ্গে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত বেতন প্রদানের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন <<>> মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
৪) এছাড়াও ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের গ্রেডভিত্তিক বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ তৈরি করা হচ্ছে। মূল বেতন বাড়ানোর পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়েও বৈঠকে জোর দেয়া হয়েছে।
৫) পে-স্কেল ঘোষণার পর যেন কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটি দেখা না দেয়, সেজন্য আইনি ভেটিং এবং বিধিমালা সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। সে সঙ্গে বেতন নির্ধারণ বা ফিক্সেশনের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও ডিজিটাল করার কারিগরি রূপরেখাও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন প্রশাসনিক ও আইনি ধাপগুলো সম্পন্ন করে দ্রুতই প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































