ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মো. রিপন (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুককারচর এলাকার ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), পূর্ব মিয়াপাড়ার মিতালী বাজার এলাকার মো. বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজার এলাকার মো. আল রাব্বি (২৩)।
আরও পড়ুন<<>>মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও জব্দ করা মাদকের ভিত্তিতে সাজা দেয়া হয়।
রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































