ছবি: আপন দেশ
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি একই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন<<>>বাজারের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
এ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন।
অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। সেসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গৃহীত হয়েছে। একইভাবে সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































