Apan Desh | আপন দেশ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৭, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:১৭, ২৬ আগস্ট ২০২৬

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি : সংগৃহীত

দক্ষিণ ভূমধ্যসাগরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে সমুদ্রের এ এলাকা থেকে শত শত মানুষকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এটি সে ধারাবাহিকতারই সর্বশেষ ঘটনা।

কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুই নৌকার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসী উদ্ধারের খবর জানায়। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময় ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

আরও পড়ুন<<>>ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, স্বার্থ রক্ষায় চীনের হুঁশিয়ারি

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়, দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা সাম্প্রতিক সময় কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্ন হাব স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়