Apan Desh | আপন দেশ

মন্ত্রীসভায় নতুন ৪ মুখ, শপথ রাতে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:০৫, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রীসভায় নতুন ৪ মুখ, শপথ রাতে

ছবি: আপন দেশ

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চার সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। এরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার ও বিএনপির সূত্রগুলো বলছে, শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ড. আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী–প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন মন্ত্রীর তালিকায় নাম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি নরসিংদী-২ আসনের এমপি। গত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচিত হন।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের এমপি।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের এমপি। তিনি বিএনপির বান্দরবান জেলা শাখার আহবায়ক। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন <<>> শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।

শুক্রবার তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে ৫৪। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী হবেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়