বিসিবি লোগো
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে জেলা ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। এ বিষয়ে বিসিবি জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো সংস্থা নিজেদের জেলা ক্রিকেট সংস্থা দাবি করলে, তা সংবিধানবিরোধী ও অবৈধ হিসেবে বিবেচিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি বলেছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা কমিটির সঙ্গে তাদের অনুমোদন, স্বীকৃতি বা সাংগঠনিক সম্পর্ক না থাকলে সেটিকে বিসিবির স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনার সুযোগ নেই।
বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, সমগ্র দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ এবং সমন্বয়; সারা দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিতকরণে।
জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনার জন্য বিসিবির সংবিধানেই নির্দিষ্ট কাঠামো রয়েছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন বিসিবির দায়িত্বের অংশ। এসব সংস্থার স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়েও বোর্ডের এখতিয়ার নির্ধারিত আছে।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
এছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৯.১(খ) অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমোদিত নীতিমালা/বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে এবং জাতীয় ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব, বয়সভিত্তিক ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অন্যান্য প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লীগ পরিচালনা করতে হবে।
একই অনুচ্ছেদে আরও বলা রয়েছে যে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধাদি গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।
উল্লিখিত অনুচ্ছেদসমূহের আলোকে, শুধুমাত্র বিসিবির স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা বা সংগঠন বা কমিটিই “জেলা ক্রিকেট সংস্থা” হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচ্য হবে।
বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতিরেকে কোনো সংস্থা বা সংগঠন নিজেদেরকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































