ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ বার্তায় সাবেক এ ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করেন।
কাফু বলেন, গত এক দশকে ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ফিফায় যে মূল্যায়ন ও সুযোগ দেয়া হয়েছে, তা বিশ্ব ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।
সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার বেসরকারি খাতের কাছে হস্তান্তরের প্রস্তাব ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ঘোষণার কয়েক দিনের মধ্যেই সে পরিকল্পনা থেকে সরে এলেও এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ প্রভাবশালী আঞ্চলিক সংস্থাগুলোও তার বিরোধিতায় অবস্থান নিয়েছে।
এমন পরিস্থিতিতে ২০২৭ সালের নির্বাচনে আবারও ফিফা সভাপতি পদে প্রার্থী হতে যাওয়া ইনফান্তিনো সাবেক ফুটবলারদের একটি অংশের সমর্থন পাচ্ছেন। ফিফার ‘লিজেন্ডস’ কর্মসূচির নিয়মিত মুখ কাফু তাদের অন্যতম।
দীর্ঘ বিবৃতিতে কাফু বলেন, গত ১০ বছরে ফিফা ও ইনফান্তিনোর বিভিন্ন উদ্যোগে বিশ্ব ফুটবলে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে। বিভিন্ন কমিটি, প্রকল্প ও ওয়ার্কিং গ্রুপে বর্তমান ও সাবেক ফুটবলারদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
কাফুর ভাষ্য, এসব উদ্যোগের মাধ্যমে ফুটবলাররা নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পেয়েছেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। খেলাটির উন্নয়নে নেয়া বিভিন্ন উদ্যোগে তাদের চিন্তাভাবনা, পরিকল্পনা ও অংশগ্রহণ প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন <<>> অস্ট্রেলিয়া টেস্ট শেষে শরিফুলের ইতিহাস
ফুটবলের মানবিক দিক তুলে ধরে কাফু বলেন, ফুটবল মানুষের জীবন বদলে দিতে পারে। একই সঙ্গে এটি সমাজের উন্নয়ন এবং বিশ্বজুড়ে মানুষের সুযোগ বাড়াতেও ভূমিকা রাখে।
বর্তমান ফিফা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সাবেক এ ব্রাজিলিয়ান অধিনায়ক।
তিনি বলেন, গত এক দশকে ফুটবল যে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তার পাশে তারা সবসময় থাকতে প্রস্তুত। বিশ্বজুড়ে যেখানে ফুটবল খেলা হয়, সেখানকার মানুষ যেন এ অগ্রগতির সুফল পায়, সেটিই তাদের লক্ষ্য।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































