ছবি : আপন দেশ
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সরকার গঠনের পর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন <<>> রহিত ৪ অধ্যাদেশ নিয়ে আরও যাচাই চায় এমপিরা
বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা, এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































