মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে তিনি স্বীকার করেন, গ্রীষ্মকালে জ্বালানি সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার সময় প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কাজ এবং ঝড়-বৃষ্টির কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। ফলে তখন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেয়া সম্ভব হয় না।
লোডশেডিং কমাতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সঞ্চালন ও বিতরণ, অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
জ্বালানি সাশ্রয়ে নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি ভবনে বিদ্যুৎ ব্যবহারে নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে-এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং ব্যবহার শেষে সুইচ বন্ধ করা।
এছাড়া পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার কমাতে পানির পাম্প, ওভেন, হিটার, ইস্ত্রি, ওয়াশিং মেশিন ও ওয়েল্ডিং মেশিন ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। শপিংমলে অতিরিক্ত আলো ব্যবহার নিয়ন্ত্রণে ভিজিল্যান্স টিম কাজ করছে।
মন্ত্রী আরও জানান, অটোচার্জিং স্টেশনগুলোকে পিক আওয়ারে চার্জিং বন্ধ রাখতে উৎসাহ দেয়া হচ্ছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
সব মিলিয়ে, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।
এছাড়া জ্বালানী তেলে সংকট নিরসনেও সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানী তেলে সংকট একটি বৈশ্বিক সমস্যা। তারপরও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত তেল না নেয়ার জন্যও তিনি সবার প্রতি আহবান জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































