Apan Desh | আপন দেশ

সংসদে বিরল দৃষ্টান্ত: সরকারি দলের মুলতবি প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৩, ২ এপ্রিল ২০২৬

সংসদে বিরল দৃষ্টান্ত: সরকারি দলের মুলতবি প্রস্তাব

ফাইল ছবি

দেশের সংসদীয় রাজনীতিতে এক ব্যতিক্রমধর্মী নজির সৃষ্টি হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে। প্রথমবারের মতো সরকারি দল থেকেই গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুতে মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যা ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক কার্যপ্রণালি বিধির ৬২ ধারায় এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার জানান, বিধি অনুযায়ী আগামী ৫ এপ্রিল অধিবেশনের শেষ কার্যসূচি হিসেবে এ বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

উত্থাপিত প্রস্তাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে উল্লেখ করা হয়। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে সংসদ মুলতবি রেখে আলোচনার আহবান জানানো হয়।

স্পিকার তার বক্তব্যে বিষয়টির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে সংসদীয় চর্চায় এমন নজির নেই, যেখানে সরকারি দলের কোনো সদস্য নিজ উদ্যোগে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন।

আরও পড়ুন <<>> ৩০ এপ্রিল সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

সাধারণত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে মুলতবি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকেই আসে। তবে এবার সরকারি দলের ভেতর থেকেই রাজনৈতিক ও আইনগত সংস্কার নিয়ে আলোচনা শুরু করার উদ্যোগ নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৫ এপ্রিলের আলোচনায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন কাঠামো, সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন এবং রাজনৈতিক ঐকমত্যের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়