Apan Desh | আপন দেশ

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১১ জুলাই ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থায় একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার ব্যবস্থা সম্পন্ন করা যাবে। 

ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত দেশের ভ্রমণকারীরা একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের সঙ্গে সহজেই ইলেকট্রনিক (ই-ভিসা) পর্যটক ভিসা পাবেন।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এ সুবিধার আওতায় আনা হবে।

নতুন এ কর্মসূচির আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই ফিরতি বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করার পর আবেদনকারীরা ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র পেয়ে যাবেন।

গালফ নিউজ বলছে, এ পর্যন্ত রিজার্ভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির আওতায় ইস্যু করা ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ থাকবে এবং ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

এ ভিসা পেতে ট্রাভেল প্যাকেজে অবশ্যই নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

আরও পড়ুন : দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এর সাথে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এ ছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়