ছবি : আপন দেশ
জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
বর্তমানে ওই তিন ব্যক্তি ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।
তাদের মধ্যে শেখ হাফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি নড়াইল জেলায়। তবে তার সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্ত পাহারায় থাকা স্থানীয়রা তাদের আটকে দেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়।
এর মধ্যে শুধুমাত্র হাফিজুর রহমান নামে ওই বৃদ্ধের পরিচয় জানা গেছে। তার বাড়ি নড়াইল জেলায়। তবে সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ তিনজনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন : শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে টাকার স্তুপ, চলছে গণনা
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিজিবি ও বিএসএফ সদস্যরা ওই তিন ব্যক্তিসহ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিরসন এবং তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































