Apan Desh | আপন দেশ

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য বিশেষ সকর্তবার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩২, ১১ জুলাই ২০২৬

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য বিশেষ সকর্তবার্তা

ছবি : আপন দেশ

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। 

এ ধরনের প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, সম্মানি, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা দেয়ার কথা বলে যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তাহলে সেটি প্রতারণার অংশ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন : ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সতর্কবার্তায় আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নিতে হবে। পাশাপাশি প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়