Apan Desh | আপন দেশ

‘কৃষক কার্ড’ পেতে আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৮, ১ এপ্রিল ২০২৬

‘কৃষক কার্ড’ পেতে আবেদন করবেন যেভাবে

ফাইল ছবি

দেশের অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য হলেও কৃষকদের দীর্ঘদিনের সুরক্ষা ঘাটতি পূরণে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। কৃষকদের আর্থিক নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতা বাড়াতে চালু হচ্ছে ডিজিটাল ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে একাধিক সুবিধা সরাসরি পৌঁছে দেয়া হবে প্রান্তিক পর্যায়ে।

সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল থেকে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে একসঙ্গে ২০ হাজার কৃষকের হাতে এ কার্ড তুলে দেয়া হবে। ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক—এ তিন শ্রেণির কৃষককে এর আওতায় আনা হচ্ছে।

কী সুবিধা পাবেন কৃষকরা: এ স্মার্ট কার্ডটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং কৃষকের অধিকার ও সুরক্ষার একটি সমন্বিত প্ল্যাটফর্ম। কার্ডধারীরা প্রতি মাসে ২,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি ১০ ধরনের গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে এ উদ্যোগে।

এর মধ্যে রয়েছে— সরাসরি সরকারি ভর্তুকি; ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ; সহজ শর্তে কৃষিঋণ (প্রাথমিকভাবে ১০ হাজার টাকা পর্যন্ত); শস্য ও কৃষি বিমার সুবিধা;কৃষি খাতে প্রণোদনা; ন্যায্যমূল্যে সেচ সুবিধা; উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ; আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা; উন্নত চাষাবাদে প্রশিক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস ও ডিজিটাল পরামর্শ।

সংশ্লিষ্টরা বলছেন, এসব সুবিধা নিশ্চিত করা গেলে কৃষির উৎপাদন বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার হবে।

কোথায় শুরু হচ্ছে কার্যক্রম: প্রাথমিক পর্যায়ে দেশের ৮ বিভাগের ১১টি উপজেলায় ১১টি স্থানে এ কার্ড বিতরণ করা হবে। এর উদ্বোধনী কার্যক্রমে তারেক রহমান টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

নিবন্ধনে প্রয়োজনীয় তথ্য: কৃষক কার্ড পেতে আবেদনকারীদের কয়েকটি তথ্য দিতে হবে। সেগুলো হলো— জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কপি; পাসপোর্ট সাইজের ছবি; নিবন্ধিত মোবাইল নম্বর; জমির দলিল বা চাষাবাদের প্রমাণপত্র; ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর।

যেভাবে পাবেন কৃষক কার্ড: কার্ড বিতরণের পুরো প্রক্রিয়া স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে সম্পন্ন হবে।

ক. প্রথমে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার (SAAO) সঙ্গে যোগাযোগ করতে হবে
খ. নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে (অনলাইনে বা সরাসরি)
গ. কৃষি অফিস থেকে তথ্য যাচাই করা হবে
ঘ. এনআইডি ও মোবাইল নম্বরের ভিত্তিতে ডিজিটাল প্রোফাইল তৈরি হবে
ঙ. যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে কার্ড প্রদান করা হবে
চ. সতর্কতা জারি

সরকার জানিয়েছে, এ কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন না করার জন্য কৃষকদের সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি খাতে একটি বড় পরিবর্তন আসতে পারে এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়