ফাইল ছবি, আপন দেশ
সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।
বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানান, এ কমিটি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সরকারি ও বিরোধী দল ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। আগামী রোববারের মধ্যেই এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
কমিটির সদস্য সংখ্যা এবং গঠন প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মণি বলেন,‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ কমিটিতে আইন বিশেষজ্ঞদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে। তবে সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। সরকারের লক্ষ্য হলো, এমন একটি টেকসই সংবিধান উপহার দেয়া, যেখানে বারবার পরিবর্তনের বা 'কাঁচি চালানোর' প্রয়োজন পড়বে না।
বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়ে চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন দেশের স্বার্থে একটি অপরিহার্য কাজ। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল তাদের অবস্থান পুনর্বিবেচনা করে এ কমিটিতে অংশ নেবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুবিধা নয়, বরং জুলাই সনদ অনুযায়ী জনগণের কল্যাণের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন<<>>ইশতেহার বাস্তবায়নের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
সংসদকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে চিফ হুইপ জানান, দেশের সব সমস্যার সমাধান সংসদের মাধ্যমেই হওয়া উচিত। এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের আধুনিকায়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিধ্বনিমুক্ত উন্নত সাউন্ড সিস্টেম স্থাপন এবং ইন্টারনেটের ধীরগতি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যদের আবাসন সমস্যার সমাধান ও সুপেয় পানি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































