মিজানুর রহমান আজহারি। ছবি: ফেসবুক থেকে
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (০১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মিজানুর রহমান আজহারি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইহুদিদের নিয়ে একাধিক বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও দাবি করেন, এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এ রোগটি আবিষ্কার করেছে।
আরও পড়ুন<<>>বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন আজহারি। ওই আলোচনায় ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানান আজহারি।
এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানিয়েছেন, আজহারির সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, সোমবার ব্রিসবেনে তার বক্তৃতা সফর শুরু হয়। পরবর্তীতে ০৩ এপ্রিল মেলবোর্ন, ০৪ এপ্রিল সিডনি এবং ০৬ এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































