ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৬ এপ্রিল প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৯ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোর জোটগতভাবে নির্বাচন করবে নাকি করবে না, সে বিষয়ক কার্যক্রম শেষ করে তার পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সে হিসাবে আগামী ৫ এপ্রিল ৩০ কার্যদিবস শেষ হবে। ৬ এপ্রিল সংরক্ষিত নারী আসন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসাবে আগামী ১৪ মের আগে যেকোনও দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন<<>> সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
উল্লেখ্য, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদে অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হয়। এরপর ইসি সচিবালয় রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোটার তালিকা চূড়ান্ত করে। পরবর্তীতে ইসির বৈঠকে অনুমোদনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দল ও জোটগুলো তাদের বরাদ্দকৃত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে অনেক সময় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































