ছবি: সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তায় প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হবে। বিশেষ করে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হবে।
এ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রতিমন্ত্রী জানান, এ ব্যাংককে এ কার্যক্রমের জন্য নির্দিষ্টভাবে দায়িত্ব দেয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজে এ সহায়তা পেতে পারেন।
আরও পড়ুন <<>> দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় আসে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। ফলে এ সংঘাতের প্রভাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধের কারণে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন হবে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের শ্রমবাজার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না। বরং নতুন চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ভাষা দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তৃতীয় ভাষা শেখার ওপর জোর দিয়ে আসছেন।
প্রতিমন্ত্রীর মতে, ভাষাজ্ঞান না থাকার কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কম বেতনে কাজ করতে বাধ্য হন। ভাষা দক্ষতা বাড়লে তারা আরও ভালো বেতনের সুযোগ পেতে পারেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































