ছবি: ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতে জড়ায় ইসরাইল। শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার।
এর আগে ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ তোলে তেহরান। সে উত্তেজনার ধারাবাহিকতায় নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টার্গেট করা হয়। এর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি।
আরও পড়ুন <<>> ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা
এর আগে গত বছরের ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে অভিযানে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল। অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়।
সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে হামলার দাবি করে পেন্টাগন। টানা ১২ দিনের সংঘাত শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও দুই পক্ষের মধ্যে অবিশ্বাস থেকেই যায়। বর্তমান সংকট সে যুদ্ধ-পরবর্তী উত্তেজনারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































