Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২২, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৮, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি 

ছবি: সংগ্রহীত

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নারিতা-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৭৭-এ কারিগরি ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং দায়দায়িত্ব নির্ধারণে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন সেলের পরিচালক মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং চিফকে সভাপতি, চিফ ইঞ্জিনিয়ারকে (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) সদস্য, ডেপুটি চিফকে (ফ্লাইট সেফটি) সদস্য এবং ব্যবস্থাপককে (আইন বিষয়ক) সদস্য সচিব করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন<<>>সফরসঙ্গীদের সঙ্গেই ফিরলেন প্রধানমন্ত্রী

গঠিত কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফেরার সময় যান্ত্রিক ত্রুটির ঘটনাটি ঘটে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়