এম জহির উদ্দিন স্বপন।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেয়া হবে। এতে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনীতিকে টেকসই করতে হলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় অন্তরায়। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এখনো দেশের অনেক কৃষক পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সহজলভ্য হলে শ্রম ও সময় দুটোই কমবে, উৎপাদন আরও দক্ষ হবে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। সে কারণে কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।’
আরও পড়ুন : জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
তিনি আরও বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































