ইমাউল হক।
রাজধানীর ভাটারা থানার ওসি ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে। গত দেড় মাসে তাঁর অ্যাকাউন্টে প্রায় ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। অভিযোগ উঠেছে, এ অর্থের বড় একটি অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, তার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গত ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ওসির বিকাশ ও নগদ নম্বরে মোট ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে। সাতটি ভিন্ন অ্যাকাউন্ট থেকে এ অর্থ তার নম্বরে পাঠানো হয়। লেনদেনের এ বিশাল অঙ্ক ও ধরন নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দেখা গেছে, ভাটারা থানার পেছনে অবস্থিত একটি বিকাশ-নগদ এজেন্ট দোকান থেকে গত দুই মাসে ওসির নম্বরে ৪ লাখ ৫৫ হাজার টাকা পাঠানো হয়েছে। ওই থানাতেই কর্মরত কনস্টেবল আমজাদের নম্বর থেকে এসেছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ও কনস্টেবল সাদ্দামের নম্বর থেকে ৬ লাখ ৯১ হাজার ৬২৯ টাকা। এ ছাড়া নাসিম নামে এক বাড়িওয়ালার নম্বর থেকে ১ লাখ ৩৮ হাজার ৮০ টাকা, মদিনা এজেন্ট হাউজ থেকে ২ লাখ ১৪ হাজার টাকা ও খালেক নামে এক ব্যক্তির নম্বর থেকে ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা পাঠানো হয়েছে।
আবার ‘লন্ড্রি পিকআপ অ্যান্ড ড্রপ’ নামে নিবন্ধিত একটি নম্বর থেকে এসেছে ৬ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা ও মিজানুর নামে আরেক ব্যক্তির নম্বর থেকে ৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা। পাশাপাশি তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও উল্লেখযোগ্য অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে।
নথিপত্র বিশ্লেষণে আরও দেখা যায়, মোবাইল ব্যাংকিংয়ে প্রাপ্ত এসব অর্থ এপিআই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার বিকেলে ওসি ইমাউল হক বলেন, অনলাইন জুয়ার বিষয় কোনো ধারণা নেই ও তার মোবাইল হ্যাক করে একটি গোষ্ঠী এ কাজটি করেছে বলে দাবি তার। বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তদন্ত চলমান। তদন্তাধীন অবস্থাতেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে।
তার অ্যাকাউন্টে কয়েকজন পুলিশ সদস্যের নম্বর থেকে কেন টাকা পাঠানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। তবে নিজের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিতে অনড় থাকেন।
অর্থ লেনদেনে জড়িত অন্য পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। তাঁরা বাইরে দায়িত্বে ব্যস্ত রয়েছেন বলে থানা থেকে বলা হয়েছে। অনলাইন জুয়ার সাইটে অর্থ পাঠানোর বিষয়ে পুনরায় জানতে চাইলে ওসি দাবি করেন, তিনি এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নন। তার মোবাইল হ্যাক করে একটি গোষ্ঠী এ কাজ করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































