ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন দিতে পারেন বলে নতুন জরিপে দেখা গেছে। ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে ৩৭.৪ শতাংশ জামায়াতের প্রতি সমর্থন জানাতে পারেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’ শীর্ষক প্রতিবেদনের সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ।
জরিপে অংশ নেয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি ভোট দিতে আগ্রহী, আর প্রায় ৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন বা ভোট না দেয়ার কথা জানিয়েছেন।
ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে দুর্নীতি, যা উল্লেখ করেছেন ৬৭.৩ শতাংশ। ৩৫.৯ শতাংশ ভোটার ধর্মকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছেন। ভোটাররা এমন নেতৃত্ব চাচ্ছেন, যিনি সাধারণ মানুষের কথা ভাবেন এবং কার্যকর ও দৃঢ়ভাবে দেশ পরিচালনা করতে সক্ষম।
আরও পড়ুন <<>> দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট
রাজনৈতিক তথ্যের উৎস হিসেবে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে চিহ্নিত করেছেন ভোটাররা। পাশাপাশি দেখা গেছে, ভোটাররা একাধিক প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করছেন।
জরিপে আরও লক্ষ্য করা গেছে, দল নয়, প্রার্থীই ভোটারদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার ভোটের সিদ্ধান্ত নেয়ার সময় প্রার্থীকে বিবেচনা করেন। এর মধ্যে ৩০.২ শতাংশ শুধুমাত্র প্রার্থীর ভিত্তিতে ভোট দিবেন। আর ৩৩.২ শতাংশ প্রার্থী ও দল–দুটোকেই বিবেচনায় রাখেন।
সারা দেশের ১১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে স্তরভিত্তিক দ্বৈবচয়ন পদ্ধতিতে এই জরিপ পরিচালনা করা হয়। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে তথ্য সংগ্রহ করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































