ছবি: আপন দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।
তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতি তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেয়া হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। তার দাবি, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যম প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেয়াই এসব সভার উদ্দেশ্য।
তিনি বলেন, আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কয়েক সপ্তাহ ধরে এ বিষয়ে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।
তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।
আরও পড়ুন <<>> পাঁচ ধাপে ভোট ৪৩০০ ইউপিতে, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে— এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন।
অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদেশের কোনো ঘটনা নিয়ে অনেক সময় এমন শিরোনাম দেয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































