ছবি: আপন দেশ
সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এ কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে। পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে মোস্তাফিজুর রহমানের দাবি, গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন <<>> গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
রোববার (১৫ নভেম্বর) সহিংসতার ঘটনায় গ্রেফতরের বিষয়ে ডিআইজি জানান, এ ঘটনায় মামলা-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত। তবে নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবে না। জনজীবন স্বাভাবিক করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো কর্মসূচি বিবেচনায় নিয়ে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। ওই দিনের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































