Apan Desh | আপন দেশ

গণমাধ্যমের উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৭, ৪ জুলাই ২০২৬

গণমাধ্যমের উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ

সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

তিনি বলেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এ কমিশন গঠন করা হবে। গণমাধ্যমের সার্বিক উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী করাই এ কমিশনের মূল উদ্দেশ্য। এটি স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

শনিবার (০৪ জুলাই) চট্টগ্রামে কয়েকটি দৈনিক পত্রিকার ব্যুরো অফিস পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজব এখন স্বাধীন সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ।

পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী নানা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছে তোষামোদ নয়, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। 

আরও পড়ুন<<>>গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন চারটি সমঝোতা

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম অতীতের স্বৈরাচারী শাসনামলের ধারা অনুসরণের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত শক্তির পক্ষে বিভ্রান্তিকর বয়ান তৈরির অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এর আগে বান্দরবানে তথ্য অধিদফতর আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ মতবিনিময় সভায় যোগ দেন প্রধান তথ্য কর্মকর্তা। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সহকারী সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া আরিফ ও সাংবাদিক মজুমদার নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়