ছবি: আপন দেশ
নাটোরের লালপুরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) কারখানায় ওয়াটার ট্রায়াল সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। ১২৫ দিন ধরে চলবে আখ মাড়াই কার্যক্রম।
আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়েছে সরকার। বর্তমানে চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ৬৫১ টাকা এবং আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
চিনিকল এলাকার প্রায় ১৮ হাজার একর জমিতে আখের আবাদ হয়েছে। এ ছাড়া উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ দিতে ৫ হাজার ৪৫৪ জন আখচাষিকে মোট ২ কোটি ৭১ লাখ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে শনিবার কারখানার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়াটার ট্রায়াল করা হয়েছে। এর আগে গত ০৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং সম্পন্ন হয়। বয়লার থেকে উৎপন্ন বাষ্প ব্যবহার করেই পুরো মৌসুমে আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে।
কারখানার প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে আখ মাড়াই শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































