ছবি: আপন দেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ পালন করা হবে। এ নিয়ে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে শিল্পী সম্মেলন ও মতবিনিময় সভা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, নজরুল বর্ষের কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের কল্যাণ ও চিকিৎসার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সরকার সব সময় তাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বক্তারা জাতীয় কবির সৃষ্টি ও জীবনদর্শনকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন <<>> অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
নজরুল বর্ষের গৃহীত পরিকল্পনাকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের গুণী শিল্পী, নজরুল গবেষক, বুদ্ধিজীবী ও সুধীজন সম্মেলনে অংশ নেন। এ সময় তারা নিজ নিজ মতামত ও সংহতি প্রকাশ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































