Apan Desh | আপন দেশ

শিল্পকলায় শিল্পী নিপার একক ভাওয়াইয়া সন্ধ্যা শুক্রবার 

সাংস্কৃতিক প্রতিবেদক, আপন দেশ  

প্রকাশিত: ১৩:৩২, ১৫ অক্টোবর ২০২৬

শিল্পকলায় শিল্পী নিপার একক ভাওয়াইয়া সন্ধ্যা শুক্রবার 

ছবি: আপন দেশ

তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের পলিমাটিতে মিশে থাকা এক অবিনাশী সুর ভাওয়াইয়া। যে সুরে জড়িয়ে থাকে উদাস বাউড়ি বাতাস, মৈষালের দোতারা আর বুকফাটা বিরহের আকুলতা। মাটির সেই অকৃত্রিম সুরের ঐতিহ্যকে রাজধানীতে ছড়িয়ে দিতে এক ভাওয়াইয়া সন্ধ্যার আয়োজন করেছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ভাওয়াইয়া একাডেমি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের মিলনায়তনে বসছে ভাওয়াইয়া গানের এ একক আসর। সেই সাথে থাকবে বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা।

আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক শিল্পী নির্বাচন। উত্তরবঙ্গের বিশেষ করে রংপুরের  বাতাসে বড় হননি, অথচ তার হৃদয়ের গভীরে উথাল-পাথাল করে ভাওয়াইয়ার সুরের ঢেউ— তিনি শিল্পী নিপা আহমেদ সারাহ্।

ভাওয়াইয়া অঞ্চলের বাসিন্দা না হয়েও নিপা এ সুরকে আপন করেছেন নিবিড়ভাবে। দীর্ঘদিনের সাধনা, আত্মত্যাগ আর গভীর অনুরাগে তিনি নিজের কণ্ঠে ধারণ করেছেন ভাওয়াইয়ার সেই টান। যা শ্রোতাকে নিমেষেই নিয়ে যায় দূর উত্তরের বিস্তীর্ণ প্রান্তরে।

ভাওয়াইয়াকে ভালোবেসে এক ভিন্ন অঞ্চলের শিল্পীর যে সুরের মহাসমুদ্রে ডুব দেয়া। তাকেই সম্মান জানাতে এবং ভাওয়াইয়ার বৈশ্বিক আবেদনকে তুলে ধরতেই এ একক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে ভাওয়াইয়া একাডেমি।

আরও পড়ুন <> রাজধানীতে এক মঞ্চে গাইবেন জেমন-হাসান

আয়োজকদের মতে, সুরের কোনো ভৌগোলিক সীমানা হয় না; ভাওয়াইয়া কেবল উত্তরবঙ্গের নয়, তা পুরো বাংলার, পুরো বিশ্বের সম্পদ।

মাটি ও মানুষের এ সুরের আয়োজনে প্রধান অতিথি থাকবেন সাবেক অতিরিক্ত সচিব এবং কবি ও প্রাবন্ধিক গৌরাঙ্গ মোহান্ত। 

বিশেষ অতিথি হিসেবে ভাওয়াইয়ার তাত্ত্বিক ও নান্দনিক দিক নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা। 

এ ছাড়া ভাওয়াইয়ার শিকড় ও সমকালীন সংকট-সম্ভাবনা নিয়ে কথা বলবেন লোকগবেষক ও সাংবাদিক সাইফুল ইসলাম।

দোতারা আর বাঁশির মায়াবী সুরে শুক্রবারের পড়ন্ত বিকেলে শিল্পকলা একাডেমির মিলনায়তনে শিল্পী নিপার একক কণ্ঠের সুরোৎসবে ভাওয়াইয়া অনুরাগী নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

 

আপন দেশ/এমটিআই/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়