ছবি : সংগৃহীত
মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে বিয়ে করা একপ্রকার বাধ্যতামূলক। তবে অনেক পুরুষই বিয়ের করতে ভয় পান। আসলে ভয় না, বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় তানা নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তা ভোগেন।
আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও অনেকে বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলেন বা সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নেন। এর পেছনে কাজ করে দায়িত্ব, স্বাধীনতা ও পারিবারিক সম্পর্ক নিয়ে নানা আশঙ্কা।
১. সংসারের হাল ধরার প্রস্তুতি নিয়ে সংশয়: বিয়ের পর নতুন সংসারের দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে বাবা-মায়ের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। দুই দিক সামলাতে পারবেন কি না, তা নিয়ে অনেক পুরুষের মনে সংশয় তৈরি হয়। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে আলোচনা করলে এ ধরনের দুশ্চিন্তা কমতে পারে।
২. ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে ভাবনা: বিয়ের পর সংসারের খরচ, বাসস্থান, দৈনন্দিন প্রয়োজন এবং ভবিষ্যতের সঞ্চয়ের বিষয়গুলো সামনে আসে। এসব দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকেন। সঙ্গীর সঙ্গে আয়-ব্যয় ও বাজেট নিয়ে আগেই আলোচনা করলে আর্থিক চাপ সামলানো সহজ হয়।
৩. নিজের মতো করে সময় কাটানোর সুযোগ কমে যাওয়ার ভয়: বন্ধুদের সঙ্গে আড্ডা, ব্যক্তিগত শখ কিংবা নিজের মতো সময় কাটানোর অভ্যাস বিয়ের পর বদলে যেতে পারে, এমন ধারণা অনেক পুরুষের মধ্যে রয়েছে। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত সময় ও স্বাধীনতার সুযোগ থাকা প্রয়োজন।
আরও পড়ুন <<>> বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
৪. দাম্পত্য জীবনে দ্বন্দ্বের আশঙ্কা: দুজন মানুষের বেড়ে ওঠা, চিন্তাভাবনা ও পছন্দ এক রকম হয় না। ফলে সংসারে মতের অমিল কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এসব পরিস্থিতি কীভাবে সামলাবেন, তা নিয়ে অনেকের মনে ভয় কাজ করে। পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও বোঝাপড়া থাকলে মতের পার্থক্য সামলানো সম্ভব।
৫. পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের ভয়: বিয়ের পর স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে কোনো বিষয়ে বিরোধ তৈরি হলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা নিয়ে অনেক পুরুষ চিন্তিত থাকেন। দুই পক্ষের প্রতি দায়িত্ব পালনে ভারসাম্য রাখা তাদের কাছে বড় চ্যালেঞ্জ মনে হতে পারে। এ ক্ষেত্রে সবার কথা গুরুত্ব দিয়ে শোনা এবং ন্যায়সংগত আচরণ করা জরুরি।
৬. নতুন আত্মীয়তার সম্পর্ক সামলানোর চিন্তা: বিয়ের মাধ্যমে শুধু দুজন মানুষের নয়, দুটি পরিবারেরও সম্পর্ক তৈরি হয়। ভিন্ন পারিবারিক পরিবেশ ও মানসিকতার মানুষের সঙ্গে মানিয়ে নেয়া সব সময় সহজ হয় না। সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা থাকলে এ জটিলতা অনেকটাই কমানো যায়।
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই সামাজিক চাপ বা তাড়াহুড়ো নয়, বরং মানসিক প্রস্তুতি, পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব নেয়ার সক্ষমতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া উচিত।
আপন দেশ/এসএস





































