Apan Desh | আপন দেশ

আজ চকলেট ডে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ চকলেট ডে

ছবি : আপন দেশ

০৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইনস সপ্তাহ। ০৮ ফেব্রুয়ারি ছিল প্রোপোজ ডে। আজ ০৯ ফেব্রুয়ারি চকলেট দিবস। প্রিয়জনকে চকলেট দেয়ার দিন আজ। এ দিবসে প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে চকলেট দিতে পারেন। ছোট্ট এ উপহারটি প্রিয়জনের মন ভালো করে দিতে পারে। 

জানা যায়, ষোড়শ শতাব্দীতে ইউরোপে চকলেট জনপ্রিয়তা পায়। শুরুতে চকলেটের স্বাদ তেতো ছিল। চকলেটের স্বাদ কেবল অসাধারণই নয় এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। মানসিক স্বাস্থ্যও ভালো রাখে চকলেট। 

চকোলেট উপহার দেয়ার রীতি মোটেও নতুন নয়। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ভিক্টোরিয়ান যুগ থেকেই নারী–পুরুষ একে অপরকে চকোলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। ইউরোপ ও আমেরিকায় একসময় প্রেমিক–প্রেমিকার মধ্যে ভালোবাসা জানানোর অন্যতম প্রতীক ছিল এ মিষ্টি।
 
চকোলেটের এ জনপ্রিয়তার পেছনে রয়েছে শিল্পবিপ্লবের একটি গল্পও। ১৮৪৭ সালে জে এস ফ্রাই অ্যান্ড সন্স প্রথম শক্ত চকোলেট তৈরি শুরু করে। এর কিছুদিন পর, ১৮৪৯ সালে ব্যবসায়ী রিচার্ড ক্যাডবেরি চকোলেট উৎপাদনে নামেন। জানা যায়, উনিশ শতকে একটি ব্রিটিশ পরিবার কোকোয়া মাখন ব্যবহারের নতুন পদ্ধতি খুঁজছিল। সে গবেষণার ফলেই শক্ত আকারের চকোলেট জনপ্রিয় হয়ে ওঠে।
 
ভালোবাসার ইতিহাসে রিচার্ড ক্যাডবেরির নাম আলাদা করে উল্লেখযোগ্য। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তিনিই প্রথম বিশেষভাবে হার্ট–শেপড বক্সে চকোলেট বিক্রি শুরু করেন। সযত্নে তৈরি সে বাক্সে থাকত ভালোবাসার প্রতীক কিউপিড আর গোলাপ কুঁড়ির নকশা। তার এ উদ্যোগই ধীরে ধীরে চকোলেট উপহার দেয়ার এক বৈশ্বিক ঐতিহ্যে পরিণত হয়, যা আজও সমান জনপ্রিয়।

আরও পড়ুন<<>>‘প্রপোজ ডে’ আজ

শুধু ঐতিহ্য নয়, বিজ্ঞানের দৃষ্টিতেও চকোলেট ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে। গবেষণায় দেখা গেছে, চকোলেট খেলে মস্তিষ্কে ‘ফিল–গুড’ হরমোন নিঃসৃত হয়, যা মানুষকে আনন্দিত করে। তাই প্রিয় মানুষকে চকোলেট উপহার দেয়া মানে শুধু একটি উপহার দেয়া নয়, বরং তার মুখে হাসি ফোটানোর সহজ এক উপায়।
 
চকোলেট ডে উদযাপনে এখন আর শুধু দোকান থেকে কেনা চকোলেটেই সীমাবদ্ধ নন অনেকে। চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন নিজের হাতে তৈরি চকোলেট। অনলাইনে সহজেই পাওয়া যায় নানা ধরনের চকোলেট তৈরির রেসিপি। সেখান থেকে একটি সহজ রেসিপি বেছে নিয়ে বানানো চকোলেট হয়ে উঠতে পারে আরও বেশি আন্তরিকতার প্রতীক; যা প্রিয়জনের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
 
দিনটিকে আরও রঙিন করতে কেউ কেউ আয়োজন করেন ছোট পরিসরের চকোলেট–থিম পার্টি। মেন্যুতে থাকে চকলেট কেক, ব্রাউনি, চকোলেট ড্রিংক কিংবা নানা ফ্লেভারের চকোলেট। বন্ধু, স্বজন বা প্রিয় মানুষকে নিয়ে এমন আয়োজন ভালোবাসার দিনটিকে করে তুলছে আরও আনন্দময়।
 
চকোলেট ডে তাই শুধু একটি দিন নয়, এটি ভালোবাসা প্রকাশের এক মিষ্টি উপলক্ষ। কখনো কখনো একটি ছোট্ট চকোলেটই হয়ে উঠতে পারে বড় অনুভূতির সবচেয়ে সহজ ভাষা।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়