ছবি: আপন দেশ
এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা, ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের এমপির কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
একটি এলাকার সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এলাকার সমস্যা এলাকার নাগরিক কমিটিতে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। জনগণের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য ক্ষতিকর।
মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী এখনো মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র এমপির কার্যালয়ে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন <> রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো
প্রতিমন্ত্রী বলেন, শুধু অভিযোগ বা আলোচনা নয়, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তাকে বা তার কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ৭০টি মহল্লার নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং নাগরিকদের ভোগান্তি কমবে। এর ফলে ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসআরবির প্রতিনিধি, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত স্থানীয় কর্মী ও সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































