ছবি : সংগৃহীত
গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ অভিযান চালানো হয়।
সিআইআইডির কর্মকর্তারা জানান, দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন <> বিশ্ববাজারে কমল তেলের দাম
এ সময় তার সব লাগেজ স্ক্যান করা হয়। পাশাপাশি শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা পরীক্ষা করতে তাকে স্ক্যান করা হয়।
একপর্যায়ে ওই যাত্রী তার শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
আপন দেশ/কেএম/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































