Apan Desh | আপন দেশ

সৌদির রিয়াদসহ ৩ এলাকায় জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৩, ২৪ অক্টোবর ২০২৬

সৌদির রিয়াদসহ ৩ এলাকায় জরুরি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ তিনটি এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। অন্য দুটি এলাকা হলো নজরান ও ওয়াদি আদ-দাওয়াসির।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় বাসিন্দাদের সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর সতর্কবার্তাগুলো জারি করা হয়। এর কয়েক মিনিট পর রিয়াদের বিভিন্ন এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন কয়েকজন বাসিন্দা। 

তবে এসব শব্দের প্রকৃত কারণ এবং সতর্কবার্তার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের শান্ত থাকা, নিরাপদ স্থানে আশ্রয় নেয়া এবং সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। ভবনের ভেতরে অবস্থান করলে জানালা ও কাচ থেকে দূরে থাকতে এবং বাইরে থাকলে নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। 

আরও পড়ুন <> তারেক রহমানের সফরে অংশীদারিত্ব জোরদারের আশা জাপানের

পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে ভিড় না করা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি শনিবার জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করার পর সেটি ভূপাতিত করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরে জারি করা সতর্কবার্তার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় সম্ভাব্য বিপদের কথা উল্লেখ করা হলেও তিনটি এলাকায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

পরিস্থিতি সম্পর্কে পরবর্তী সরকারি ঘোষণা এবং নিরাপত্তা নির্দেশনার দিকে নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে।

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়