Apan Desh | আপন দেশ

নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৬, ২৩ মে ২০২৬

নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

এ বি এম খায়রুল হক। ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

এর আগে ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক ইব্রাহীম খলিল আদালতে আবেদন করেন। আবেদনে যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার দেখানোর অনুমতি চাওয়া হয়। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৩ মে দিন নির্ধারণ করেন।

এর মধ্যে গত ২০ মে দুটি মামলায় এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন খারিজ করে এ আদেশ দেন বিচারপতি মো. রেজাউল হক।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরবর্তীতে সাবেক এ প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ, ফতুল্লা ও বন্দর থানায় পৃথক মামলা হয়। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

আরও পড়ুন <<>> সুব্রত বাইনের মেয়ে খাদিজা ফের গ্রেফতার

এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। এরপর গত ৮ মার্চ চারটি মামলায় তাকে জামিন দেয়া হয়। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন পান।

তবে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও ২৮ এপ্রিল তা খারিজ করে দেন আপিল বেঞ্চ।

এদিকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও মিরপুর থানার দুটি হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। পরে নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করলে গত ১২ মে ওই দুটি মামলায়ও তাকে জামিন দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়