ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-ভারতসহ মোট ২০টি দেশকে এ শুল্ক ছাড়ের সুখবর দেয়া হয়েছে।
এ বিষয়ে দেশগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন।
তবে নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলো শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে।
আরও পড়ুন: রাখাইনে বিমান হামলায় নিহত ৩৩
শূন্য শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ। কোষভিত্তিক চিকিৎসা। জিন থেরাপি। অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি)। পশু চিকিৎসার ওষুধ। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও ছাড়ের আওতায় থাকবে।
বাংলাদেশের পাশাপাশি শূন্য শতাংশ শুল্কের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে আসা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































