ছবি : সংগৃহীত
মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরে বিমান হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৬ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জান্তা সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আরাকান আর্মির দাবি, কিয়াকতাও শহরের একটি বাজারসংলগ্ন এলাকায় এ বিমান হামলা চালানো হয়। স্থানীয় একটি দাতব্য সংস্থার প্রধান ও ত্রাণকর্মী ওয়েই হুন অংও হামলায় ৩৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার তথ্য জানিয়েছেন।
ওয়েই হুন অং বলেন, কিয়াকতাও শহরটি প্রধান যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে। শহরটির সঙ্গে চলমান সংঘাতের সরাসরি কোনো সম্পর্কও নেই।
তবে রয়টার্স জানিয়েছে, হতাহত হওয়ার এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন <<>>> এরদোয়ানের বিরুদ্ধে আসিসিতে মামলা করবেন নেতানিয়াহু
এ বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্রের বক্তব্যও পাওয়া যায়নি। এর আগে জান্তা সরকার দাবি করে আসছে, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও সংযমের সঙ্গে অভিযান পরিচালনা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় ৩০ জন নিহত হওয়ার পর এবারের ঘটনাটি ওই অঞ্চলের অন্যতম প্রাণঘাতী হামলা।
২০২১ সালে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। বর্তমানে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটির একাধিক অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































