Apan Desh | আপন দেশ

হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

ফাইল ছবি

হরমুজ প্রণালিতে প্রস্তাবিত নতুন নৌপথ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে গঠনমূলক আলোচনা এবং সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়ে বৈঠকটি পিছিয়ে দেয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বারতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে। 

প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থনকারী এবং এ অঞ্চলের জনগণের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণকারী টেকসই বোঝাপড়ার দিকে পরিচালিত করতে পারে| এমন আলোচনার পরিবেশ তৈরির ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ঐকমত্যের স্বার্থে, সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আমরা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করেছে, দাবি আইআরজিসির

আলবুসাইদি বৈঠকের জন্য নতুন কোনো তারিখ ঘোষণা করেননি এবং বৈঠকটি স্থগিতের বিস্তারিত কারণও জানাননি।

ইরানকে অন্তর্ভুক্ত করে একটি প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণ প্রত্যাখ্যান করার একদিন পর এ স্থগিতাদেশ আসে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বড় ধরনের সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়লে প্রণালিটি ইরান এবং পরে যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পড়ে।

যুদ্ধের কারণে হরমুজ দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠে যায়।   

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসে একটি সমঝোতার উদ্যোগ নেয়া হলেও প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে তা ভেস্তে যায়। এর মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের সাম্প্রতিক অগ্রগতি বাব আল-মান্দাব প্রণালিকেও নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।

বৈঠক স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক সমঝোতার উদ্যোগ আপাতত আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়