Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ৮ আগস্ট ২০২৬

ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন করা মোটেও সম্ভব নয় যুক্তরাষ্ট্রের। তাই চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্মানজনক উপায় খুঁজতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রকে কোনও দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ মাঝে এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটাই পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংঘাত আরও বেশি উসকে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেছেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছে, কেইন যুদ্ধ থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজছেন।

আরও পড়ুন<<>>ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

সূত্রের তথ্য অনুযায়ী, সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন কেইন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে এসব আলোচনার অর্থ, ট্রাম্পের উপদেষ্টারা সবাই যেন বৈঠকে একই সুরে যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেন।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের অভ্যন্তরে কেইনের এ আলোচনা প্রসঙ্গে সিএনএন-কে এক সূত্র জানান, আমার মনে হয় এটি কেবল সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার বিষয়ে তার নিজস্ব একটি কৌশল।

ইরানে স্থল অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই কিছুটা অনিচ্ছুক ছিলেন। এর বদলে তিনি মনে করেন, কেবল বিমান থেকে ভারী বোমাবর্ষণের মাধ্যমেই ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে কেইন এবং ট্রাম্প ক্যাবিনেটের আরও কয়েকজন মনে করছেন, এ সম্ভাবনা বেশ ক্ষীণ। তাই তারা প্রেসিডেন্টের নির্দেশনার ভেতরে থেকেই অন্য বিকল্প তৈরির চেষ্টা করছেন।

এ বিষয়ে সিএনএন-এর প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড বলেন, প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যানের (কেইন) গোপন আলোচনার বিষয়ে আমরা কোনও মন্তব্য করি না। একই সঙ্গে এ আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনও বক্তব্য নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement