Apan Desh | আপন দেশ

আজ বাস্তিল দিবস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১৪ জুলাই ২০২৬

আজ বাস্তিল দিবস

ছবি : সংগৃহীত

আজ বাস্তিল দিবস। ১৭৮৯ সালের এ দিনে ফ্রান্সের প্যারিসে জনতার হাতে বাস্তিল দুর্গ দখলের মধ্য দিয়ে সূচনা হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের।

স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে দিনটি বর্তমানে ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়।

ইতিহাসবিদদের মতে, বাস্তিল ছিল ফ্রান্সের একটি কারাগার। সে সময় কারাগারটিতে মাত্র সাতজন বন্দী ছিলেন। তবে এটি ছিল জনগণের কাছে ভয় ও নিপীড়নের প্রতীক। অভিযোগ ছিল, রাজা বিচার ছাড়াই নিজের ইচ্ছামতো মানুষকে সেখানে বন্দী করতে পারতেন।

সে সময় ফ্রান্সের রাজা ষোড়শ লুই বিলাসবহুল জীবনযাপন করলেও সাধারণ মানুষ দারিদ্র্য, খাদ্যসংকট এবং উচ্চ করের চাপে বিপর্যস্ত ছিল। অনেক পরিবার শিশুদের জন্য এক টুকরো রুটিও জোগাড় করতে পারত না। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না বললেই চলে।

আরও পড়ুন <<>>বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩০

১৭৮৯ সালের ১৪ জুলাই জনতা বাস্তিল দুর্গে আক্রমণ চালায়। ইতিহাসে এ ঘটনাকে শুধু একটি কারাগার দখল নয়, বরং ভয়, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়।

বাস্তিল দুর্গ দখলের মধ্য দিয়েই শুরু হয় ফরাসি বিপ্লব। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব; এ তিন আদর্শ পরবর্তীতে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। বিপ্লবের ধারাবাহিকতায় ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে। নাগরিক অধিকারকে গুরুত্ব দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা হয়।

প্রতিবছর ১৪ জুলাই ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে বাস্তিল দিবস উদযাপন করা হয়। বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে দিনটির ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।

বিশ্লেষকদের মতে, বাস্তিল দিবস শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ইতিহাসের এ ঘটনাকে অনেকেই সমসাময়িক বিভিন্ন গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়