Apan Desh | আপন দেশ

রোমানিয়ায় রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ২৯ মে ২০২৬

আপডেট: ১৮:০৭, ২৯ মে ২০২৬

রোমানিয়ায় রাশিয়ার হামলা

ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। এতে ভবনটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। এ হামলায় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর গালাতিতে এ ঘটনা ঘটে। শহরটি ইউক্রেন ও মলদোভার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, রাশিয়ার ‘আগ্রাসী যুদ্ধ আরও একটি সীমা অতিক্রম করেছে’। অন্যদিকে ন্যাটো রাশিয়ার ‘বেপরোয়া আচরণের’ নিন্দা জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত চার বছরে একাধিকবার রুশ ড্রোন রোমানিয়ার সীমান্ত অতিক্রম করেছে। তবে এবারই প্রথম ন্যাটো সদস্য দেশটির নাগরিকরা আহত হয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রোমানিয়ার জরুরি পরিস্থিতি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির বিস্ফোরণে ভবনের দশম তলায় আগুন ধরে যায়। আহত দুই ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার সময় প্রায় ৭০ জন বাসিন্দাকে ভবন থেকে সরিয়ে নেয়া হয়।

আরও পড়ুন <<>> জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

ঘটনার পর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর ডান দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। তিনি এটিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রোমানিয়ার ভূখণ্ডে ঘটে যাওয়া সবচেয়ে গুরুতর ঘটনা বলে উল্লেখ করেন।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন শনাক্ত হওয়ার পর দুটি এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল ম্যাক্সিম বলেন, ড্রোন শনাক্ত হওয়ার পর থেকে আঘাত হানার আগ পর্যন্ত সেনাবাহিনীর হাতে মাত্র চার মিনিট সময় ছিল।

তিনি আরও বলেন, ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন না করার কারণে রোমানিয়ার সামরিক বাহিনীর পদক্ষেপে সীমাবদ্ধতা ছিল।

তার ভাষায়, ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু রোমানিয়া শান্তিতে আছে। আমরা ইউক্রেনের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে পারি না।

রোমানিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এটি দেশটির ওপর সরাসরি হামলা নয়। বরং সীমান্তবর্তী চলমান যুদ্ধের প্রভাব স্থানীয় জনগণের ওপর পড়েছে।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে গালাতিতে একটি রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। তবে তখন কেউ আহত হননি।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভূখণ্ডে মোট ৪৭টি পৃথক ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর মধ্যে শুধু চলতি বছরেই ঘটেছে ১২টি ঘটনা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়