Apan Desh | আপন দেশ

দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৯, ১৩ মে ২০২৬

আপডেট: ২৩:১১, ১৩ মে ২০২৬

দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা বলেছেন, নির্যাতনের কারণে ইমরান খান এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্ট অব পাকিস্তান এর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।

সালমান আকরাম রাজা বলেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। গত এক হাজার দিন ধরে তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে আটকে রাখা হয়েছে।

পিটিআই নেতার এ বক্তব্য আসে কয়েকদিন আগে ইমরান খানের চোখে চতুর্থবারের মতো ‘ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন’ দেয়ার ঘটনার পর। গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এ এ চিকিৎসা দেয়া হয়।

এর আগে সুপ্রিম কোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ নামের জটিল চোখের সমস্যায় ভুগছেন। এ রোগে রেটিনা থেকে রক্ত সঞ্চালনকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায়। সাধারণত উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের সঙ্গে এ সমস্যার সম্পর্ক থাকে।

সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, কারাগারের ভেতরে ন্যায়বিচারের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকার পরও ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এর সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা হয়েছে। এমনকি প্রয়োজনীয় আইনি নথিতে স্বাক্ষরের ক্ষেত্রেও বাধা দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন <<>> মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

তার অভিযোগ, ইমরান খানের বোনদেরও সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। কেবল সরকারের পছন্দের কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে।

দেশটির বর্তমান রাজনৈতিক ও বিচার বিভাগীয় পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পিটিআই নেতা।

তিনি বলেন, পাকিস্তানে এখন ব্রিটিশ আমলের চেয়েও বেশি কড়াকড়ি চলছে। বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা মামলাসহ একাধিক মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, পাকিস্তানের বিচার বিভাগকে দুর্বল করে ফেলা হয়েছে। স্বাধীনচেতা বিচারকদের শাস্তি হিসেবে অন্য প্রদেশে বদলি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনি লড়াইয়ের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ কারণে পিটিআই এখন জনগণের কাছেই এ পরিস্থিতির বিচার নিয়ে যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়