Apan Desh | আপন দেশ

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ৫ মে ২০২৬

আপডেট: ১৭:৫৮, ৫ মে ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন জাহাজে হামলা চালানো হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’।

তার এ মন্তব্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তবে তিনি একই সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে ইরান হামলা চালালে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’ বলে ট্রাম্প হুঁশিয়ারি দেন।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি আলোচনায় ইরান এখন ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

ফক্স নিউজের ট্রে ইংস্টকে ট্রাম্প আরও বলেন, আমাদের কাছে আগের চেয়ে অনেক উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সরঞ্জাম আছে। বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি রয়েছে এবং সেগুলো সবই সরঞ্জামে পূর্ণ। প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব।

যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আপনাদের জানাবো।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার খবর সামনে আসার পরই ট্রাম্পের এ মন্তব্য আসে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করছে। গত রাতেই আমরা বেশ কয়েকটি বড় জাহাজ সরিয়েছি। তখন কোনো গোলাগুলি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে, বিষয়টি আমি খতিয়ে দেখছি।

আরও পড়ুন <<>> কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকাই ইরানের জন্য সবচেয়ে ভালো হবে। তিনি আশা প্রকাশ করেন, এ যুদ্ধবিরতি বজায় থাকবে।

এর আগে রোববার (০৩ মে) তিনি ঘোষণা দেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় যুক্তরাষ্ট্র আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে প্রায় দুই হাজার জাহাজে থাকা ২০ হাজার নাবিক প্রণালিতে আটকে পড়েছেন।

ট্রাম্প জানান, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের কাছে তাদের জাহাজ মুক্ত করার অনুরোধ করেছে। খাদ্যসহ প্রয়োজনীয় সরবরাহ কমে যাওয়া এবং নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতির বিষয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে জাহাজগুলো কীভাবে নিরাপদে বের করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, এ মানবিক প্রক্রিয়ায় কোনো বাধা এলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়