Apan Desh | আপন দেশ

হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪৩, ২০ এপ্রিল ২০২৬

হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

দেশজুড়ে এ বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়া হবে।

আরও পড়ুন<<>>হাম উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেয়া হবে।

এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। 

এদিকে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়