ছবি: আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
০৭ নভেম্বর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং মূল ফটকে পোস্টার সাঁটানো হয়।
এ ছাড়া রোববার (০৮ নভেম্বর) জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন, রাজনৈতিক চিন্তাধারা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা রয়েছে বলে ছাত্রদল জানায়।
আরও পড়ুন<<>>৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তের আহবান
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ০৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা ক্যাম্পাসে ঐক্য, সহাবস্থান ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। কোনো প্রতিহিংসা, দখলদারত্ব কিংবা বিভাজনের রাজনীতি নয়; বরং সব শিক্ষার্থীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ছাত্রদল কাজ করবে। পাশাপাশি ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-ধারণা ও কর্মপরিকল্পনা ছড়িয়ে দিতে আমরা এসব কর্মসূচি নিয়েছি। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































