ছবি: আপন দেশ
ঐতিহাসিক ০৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যবইয়ে পুনরায় অন্তর্ভুক্তের আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের এমপি মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শনিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষকদের সংগঠন সোনালী দল।
এমপি ওয়াহিদ বলেন, সিনিয়র নাগরিকেরা ৭ নভেম্বরের চেতনা সম্পর্কে অবগত থাকলেও বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে-মেয়েই এ বিষয়ে জানে না। বিগত ফ্যাসিস্ট সরকার স্কুল-কলেজের পাঠ্যক্রম থেকে এ-সংক্রান্ত বিষয়বস্তু মুছে ফেলেছিল। এখন সময় হয়েছে সে প্রকৃত ইতিহাস আবার পাঠ্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়নে তার অসংখ্য অবদান রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।
আরও পড়ুন<<>>এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ; এ চেতনাকে ধারণ করে নিজেদের বিবেক জাগ্রত রাখতে হবে। ধৈর্যসহকারে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































