ছবি: আপন দেশ
দেশের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে পুনরায় মেধা যাচাই বা পরীক্ষা পদ্ধতি ফিরবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৭ সালে আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববারে (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহর প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তির প্রক্রিয়াটি পরিবর্তন করব? নাকি এডমিশন বাই লটারির মাধ্যমেই আমরা ভর্তি নেব এবং মেধাকে সবসময় দমিয়ে রাখব? এমন সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন<<>>প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় রুরাল এবং আরবান—এ দুটি সেকশন রয়েছে। গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি-প্রাইমারি স্কুল আছে এবং ছাত্রসংখ্যা ততটা প্রতিযোগিতামূলক নয়। সে কারণে সেখানে ভর্তির সমস্যা তেমন একটা হয় না।
তিনি বলেন, তবে ঢাকা শহরসহ বড় শহরগুলোতে প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এ জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম চালু করেছিল। তবে সেটি আদৌ কতটা যুক্তিসংগত, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থায় ভর্তি পদ্ধতি কীভাবে করা হবে, সে বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে বিভিন্ন সেমিনার ও আলোচনার মাধ্যমে মতামত নেব। সবার অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭ সালের জানুয়ারির ভর্তি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































