Apan Desh | আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ বিষয়ক কর্মশালা

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২১, ২৭ অক্টোবর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ বিষয়ক কর্মশালা

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্য সংযোজন ও হালনাগাদবিষয়ক এক কর্মশালা হয়েছে। কর্মশালায় শিক্ষকদের ব্যক্তিগত তথ্য, প্রকাশনা,  পেশাগত অভিজ্ঞতা, গবেষণার আগ্রহের ক্ষেত্র, ছবি ও পরিচিতিমূলক বিবরণ ওয়েবসাইটে যুক্ত করার পদ্ধতি হাতেকলমে শেখানো হয়।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এ কর্মশালাটি আয়োজিত হয়।

কর্মশালায় শিক্ষকদের ড্যাশবোর্ডের বিভিন্ন অংশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। বিভাগগুলো কীভাবে নিজ নিজ তথ্য সংযোজন ও হালনাগাদ করতে পারবে, তা-ও প্রদর্শন করা হয়। কর্মশালায় মূল উপস্থাপনা ও হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে দেখান কীভাবে ওয়েবসাইটে তথ্য সংযোজন, সম্পাদনা ও অপসারণ করতে হয়। 

আরও পড়ুন<<>>জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মেহেদী হাসান জানান, ওয়েবসাইটসংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তা দিতে আইসিটি সেল সব সময় প্রস্তুত রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব শিক্ষক, বিভাগ, অফিস ও হলের শতভাগ তথ্য ওয়েবসাইটে সংযোজনের লক্ষ্যে একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

আইসিটি সেলের পরিচালক ড. জাহিদুল ইসলাম ওয়েবসাইটে তথ্য সংযোজন ও নিয়মিত হালনাগাদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য সবার কাছে সহজে পৌঁছে দিতে হবে। এজন্য একটি তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার তথ্য দেশি-বিদেশি গবেষক এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জানতে ও গবেষণা সহযোগিতার সুযোগ তৈরি করতে সহায়তা করে। পাশাপাশি বিভাগ, অফিস ও হলের সঠিক তথ্য সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় নির্দেশনা পেতে সাহায্য করে। দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ তথ্য ওয়েবসাইটে সংযোজন ও হালনাগাদের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়