ছবি: আপন দেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দফতরে বিশ্বনেতাদের সঙ্গে বিভিন্ন সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গেও এ দ্বিপক্ষীয় বৈঠকটি হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্ব ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আরও পড়ুন >< বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান তারেক রহমান
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সরবরাহ চেইনে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা উত্তরণে বিশ্বব্যাংকের সক্রিয় ভূমিকা ও সহায়তার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা বা ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি যেন কোনোভাবেই জ্বালানি বা সরবরাহ সংকটের কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একত্রে কাজ করবে।
উল্লেখ্য, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে তার কূটনৈতিক কার্যক্রম শুরু করেছেন।
যুক্তরাষ্ট্র সফরে এসে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পাশাপাশি মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেন।
এছাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































