Apan Desh | আপন দেশ

পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৪, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৮, ১৭ আগস্ট ২০২৬

পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আপন দেশ

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পে কমিশন নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে স্কেল হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়ার পর বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন<<>>সরকারি নথিতে পে স্কেলের তথ্য প্রকাশ

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল নিয়ে এর আগে সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা ইতিবাচক বক্তব্য দিয়েছেন। ফলে চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এখন সেই সুপারিশ ও পরবর্তী পর্যায়ের পর্যালোচনার ভিত্তিতে সচিব কমিটির চূড়ান্ত করা খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যেকোনো সময় নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে।

আপন দেশ/মিম/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement